রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

শিক্ষক-শিক্ষার্থীহীন কলেজে সংস্কারে বরাদ্দ ১৫ লাখ টাকা

বগুড়া প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১২:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শিক্ষক-শিক্ষার্থীহীন কলেজে সংস্কারে বরাদ্দ ১৫ লাখ টাকা

কাগজে-সম্পদে অস্তিত্ব থাকলেও বাস্তবে নেই কোনো শিক্ষক বা শিক্ষার্থী। বগুড়ার শিবগঞ্জের ‘কিচক টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ’-এর চিত্র এটি। কার্যক্রমহীন ও জরাজীর্ণ এই প্রতিষ্ঠানের সংস্কার ও ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ লাখ টাকা। আর এই ভূতুরে প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে চরম আর্থিক ক্ষতি ও বিপাকে পড়েছেন নিয়োজিত ঠিকাদার।


সরেজমিনে জানা যায়, ২০০৪ সালে শিবগঞ্জের কিচক ইউনিয়নে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কলেজটি প্রতিষ্ঠা করেন উপজেলা যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল হক লিটন চৌধুরী। স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব ও সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর সহায়তায় জেলা পরিষদ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের অনুদান নেওয়া হলেও বাস্তবে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টরা গা ঢাকা দেওয়ায় বর্তমানে কলেজটির জরাজীর্ণ টিনশেড ভবনে আগাছা জমেছে এবং রাতে বসে মাদকসেবীদের আড্ডা।


কলেজটির কার্যক্রম পুরোপুরি স্থবির থাকা সত্ত্বেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ২০২২-২৩ অর্থবছরে মেরামত ও একতলা ভবন নির্মাণের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রুমি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সেখানে গিয়ে কাউকেই খুঁজে পাননি। কাজ শুরু না হলেও ইতোমধ্যে তার লক্ষাধিক টাকা অপচয় হয়েছে।


এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, কলেজটিতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী না থাকার বিষয়টি এক বছর আগেই শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করা হয়েছে। অন্যদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, সাবেক এমপির সুপারিশ করা তালিকার ভিত্তিতেই টেন্ডার আহ্বান করা হয়েছিল। প্রতিষ্ঠাতা পলাতক থাকায় বর্তমানে কাজ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।