রাজশাহীতে জুলাই আন্দোলনে করা মামলা মিথ্যা প্রমাণিত
রাজশাহী জুলাই আন্দোলনের একটি মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। মামলায় বাড়িঘরে হামলা, লুটপাট, বিস্ফোরণসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসবের সত্যতা পাননি।
রোববার (৮ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালতের বিচারক মো, আশিকুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর সুলতানাবাদ এলাকার শাজাহান আলী নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। এই মামলাটি ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০২৪ সালের ১৭ জুলাই দুপুর পৌনে তিনটার দিকে তৎকালীন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র, গান পাউডার, আগ্নেয়াস্ত্র নিয়ে শাহাজান আলীর বাড়িতে হামলা করে। এসময় বাড়িতে ভাঙচুর, লুট করে। এর মধ্যে আলমারী ভেঙে ৫ ভরি সোনা, নগদ সোয়া লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছিল বলে দাবি করা হয়।
এছাড়াও বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও আশেপাশের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ও বাসিন্দাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা আছে।
তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া বলেন, মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। বিচারক চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে ২১১ ধারায় অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আদালত সমন জারি করবেন।
এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মহানগর সভাপতি ও তৎকালীন রাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, ১৯ তৎকালীন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহুসহ আরও ২১ জনের নামীয় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত করা হয়েছিল।