সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

আইজেনকটের হাত ধরে ইসরায়েলকে কি অন্য রূপে দেখা যাবে?

সোনার দেশ ডেস্ক ০৯ নভেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৯ নভেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন
আইজেনকটের হাত ধরে ইসরায়েলকে কি অন্য রূপে দেখা যাবে?

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে তিনি কি দেশটির রাজনীতিতে নতুন ধারা আনতে পারবেন? তার নেতৃত্বে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতিতে কি পরিবর্তন আসবে? এসব প্রশ্ন এখন সামনে আসছে।


সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে আরও ১৪ দিন সময় দিতে পারবেন। তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা। আরব দলগুলোর সমর্থন পেতে হলে বিরোধী জোটের ডানপন্থি অংশকেও রাজি করাতে হবে। আবার কট্টরপন্থি ধর্মীয় দলগুলোর সমর্থন পেতে গেলে তাদের কিছু দাবি মেনে নেওয়ার চাপও আসতে পারে।


আইজেনকটের রাজনৈতিক ভাবমূর্তি নেতানিয়াহুর চেয়ে আলাদা। মরক্কো থেকে আসা ইহুদি পরিবারের সন্তান তিনি। ১৮ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে একসময় দেশটির সেনাপ্রধান হন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকারেও দায়িত্ব পালন করেন। তার দুই ছেলে ও এক ভাতিজা গাজা যুদ্ধে নিহত হয়েছেন।


পর্যবেক্ষকদের মতে, আইজেনকটের স্থির ও অপেক্ষাকৃত সংযত ব্যক্তিত্ব ইসরায়েলের রাজনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রত্যাশা তৈরি করেছে। তবে তার নেতৃত্বে নীতিগত পরিবর্তন কতটা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।


বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার করা তার বড় চ্যালেঞ্জ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এবং ইরানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার কারণে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষকদের মত। কার্নেগি এনডাউমেন্টের জ্যেষ্ঠ ফেলো অ্যারন ডেভিড মিলারের মতে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে ঘিরে জনমতের পরিবর্তন আইজেনকটের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


তবে ফিলিস্তিনিদের ক্ষেত্রে আইজেনকটের নেতৃত্বে কতটা পরিবর্তন আসবে, তা স্পষ্ট নয়। সেনাপ্রধান থাকাকালে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান পরিচালনায় তার ভূমিকা ছিল। ২০০৬ সালের লেবানন যুদ্ধের সময় বেসামরিক অবকাঠামোতে ব্যাপক হামলার কৌশল হিসেবে পরিচিত ‘দাহিয়া ডকট্রিন’-এর সঙ্গেও তার নাম জড়িত।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে বা সংঘাতের ঘটনায় প্রায় ৬৫০ ফিলিস্তিনি নিহত হন। ২০১৮ সালে গাজায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভের সময়ই নিহত হন ১৮৯ জন। জাতিসংঘের তদন্ত কমিশন সে সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের পক্ষে যুক্তিসংগত ভিত্তি পাওয়ার কথা জানিয়েছিল।


তাই আইজেনকোটের ব্যক্তিত্ব ও রাজনৈতিক অবস্থান নেতানিয়াহুর চেয়ে আলাদা হলেও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতিতে বড় পরিবর্তন আসবে কি না, তা এখনো অনিশ্চিত। সরকার গঠনের আলোচনা এবং তার পরবর্তী পদক্ষেপই দেখাবে, নতুন নেতৃত্বে ইসরায়েল সত্যিই ভিন্ন পথে হাঁটবে কি না।


সূত্র: রয়টার্স, আলজাজিরা ও এপি