সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

সোনার দেশ ডেস্ক ০৯ নভেম্বর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৯ নভেম্বর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন।


সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে তিনি বৈঠকে বসতে যাচ্ছেন।


নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি এখন দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন।


স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’


ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।’


আরাঘচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।