বগুড়ায় দীপাবলির আলোয় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন
মাঝখানে দূরত্ব মাত্র দশটি কদম বা ১০ ফুট। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মা আনন্দময়ী কালীমাতা মন্দির আর ঠিক পাশেই সুফি সাধক শাহ ফতেহ আলী (রহ.)-এর মাজার ও মিনারঘেরা মসজিদ। একপাশে বাজে কাঁসর-ঘণ্টা, ঢাকের বাদ্য আর দেবীর আরাধনার মন্ত্রপাঠ। অন্যপাশে ধ্বনিত হয় ইলাহি নাম, আজানের সুমধুর সুর আর জিকিরের শান্ত গুঞ্জন।
উপাসনার পথ ও পদ্ধতি ভিন্ন হলেও, যুগের পর যুগ ধরে পাশাপাশি হাত ধরে হেঁটে চলেছে দুই ধর্মের প্রার্থনা। বগুড়া শহরের ফতেহ আলী বাজার এলাকার এই দৃশ্য কেবল সহাবস্থান নয়, বরং আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উপাখ্যান।
কার্তিক মাসের অমাবস্যা তিথি এলেই ফতেহ আলী বাজার এলাকার রূপ বদলে যায়। দীপাবলির আলোয় সেজে ওঠে মন্দির চত্বর, চারপাশ জিলমিল করে হাজারো প্রদীপের স্নিগ্ধ আলোয়। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তেই নামে ভক্তদের উপচেপড়া ভিড়। শাস্ত্রীয় বিধান মেনে গভীর রাতে শুরু হয় দেবী কালীর পূজা—অঞ্জলি, হোম-যজ্ঞ আর মহাপ্রসাদ বিতরণের আয়োজনে মুখর হয়ে ওঠে চারপাশ।
আর এই আনন্দযজ্ঞের রেশ ছড়িয়ে পড়ে পাশের মাজার প্রাঙ্গণেও। মাজারের পাশ দিয়েই হাসিমুখে মন্দিরে প্রবেশ করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা। মাজারে আগত মুসল্লি আর মন্দিরে আসা ভক্তদের মাঝে বিনিময় হয় চোখের চাউনি, সালাম আর নমস্কারের উষ্ণতা। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা এই দশ ফুটের দূরত্বে কোনো অস্বস্তি তৈরি করে না; বরং একে অন্যের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তোলে পরম শ্রদ্ধায়।
সন্ধ্যায় মন্দিরে মোমবাতি হাতে আলো জ্বালাতে এসেছেন বগুড়ার চেলোপাড়ার অনিতা দাস বলেন, বুদ্ধি হওয়ার পর থেকেই ফতেহ আলী বাজারের কালী মন্দিরে আসি। এখানে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। মন্দির থেকে মাজারেও যাই।
আয়েশা খাতুন নামের নারী বলেন, কালী পূজার আলোর মধ্য দিয়েই মাজারে এলাম; ভিন্ন আচার হলেও আমাদের হৃদয়ের এই বন্ধন আর ভালোবাসার আঙিনা তো একটাই। এটাইতো সম্প্রীতি, এখানেই সৌহার্দ দেখানোর আসল জায়গা।
নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে এক দর্শনাথী মৃদু হেসে বলছিলেন, আমরা যখন ধূপ জ্বালাই, সেই সুবাস তো বাতাস পেরিয়ে মাজার পর্যন্ত যায়, ছোটবেলা থেকেই এই দৃশ্য দেখে বড় হয়েছি। আজ অব্দি কখনো মনে হয়নি কোনটা মাজার আর কোনটা মন্দির। দুটিই আমাদের শৈশবের স্মৃতি, দুটিই এই শহরের আত্মা।” তাইতো হৃদয়ের টানে মাঝে মধ্যে এখানে আসি।
মন্দিরের গায়ে খোদাই পাথরে লেখা তথ্যানুসারে জানা যায়, শ্রীশ্রী আনন্দময়ী মা কালীমন্দিরটি আনুমানিক ১১৫৫ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। শত শত বছর ধরে আবহমান কালস্রোত পেরিয়ে এই মন্দির হয়ে উঠেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসের সুদৃঢ় আশ্রয়।
অন্যদিকে, এই সৌহার্দ্যের শেকড় প্রোথিত রয়েছে সুদূর অতীতে। স্থানীয় ইতিহাস বলে, সুফি সাধক শাহ ফতেহ আলী (রহ.) ১৬৮৩ সালে ভারতের আশকারায় জন্মগ্রহণ করেন। আধ্যাত্মিক সাধনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১৭৫৮ সালে করতোয়া নদীপথে তিনি পা রাখেন এই বগুড়ায়। নদীর ঘাটে আস্তানা গেড়ে শুরু করেন মানবসেবা ও ধর্ম প্রচার। ১৭৭৭ সালে তাঁর মৃত্যুর পর এই আস্তানাতেই তাঁকে সমাহিত করা হয়। সেই থেকে ভক্তদের পরম যত্নে আবর্তিত হচ্ছে এই মাজারের চত্বর। প্রতিবছর ২২ বৈশাখ তাঁর মৃত্যুবার্ষিকীর ওরশে নামে ভক্তদের ঢল।
মন্দিরের পুরোহিত রাজেন্দ্রলাল সান্যাল বলেন, আমি ৫২ বছর ধরে এখানে পূজা করছি। এত বছর ধরে দুই ধর্মের মানুষকে পাশাপাশি দেখছি। এখানে সবাই মিলেমিশে থাকেন। একে অন্যের ধর্মীয় অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা দেখান। এই পরিবেশ দেখে আমারও ভালো লাগে।
মাজারের খাদেম ফিরোজ আহমেদ বলেন, এটি হিন্দু-মুসলমানের সম্প্রীতির বন্ধন। পাশাপাশি দুটি ধর্মীয় প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নিজেদের মতো করে চলছে। কারও ধর্মীয় কাজে কেউ বাধা দেন না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই।
বগুড়া মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, পূজা কিংবা ওরশ—সব উৎসবেই দুই সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা ও প্রীতি আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
দশ ফুটের এই ব্যবধান কোনো সীমানা প্রাচীর নয়; এটি দুই সংস্কৃতির মেলবন্ধনের এক কোমল সেতু। যেখানে মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি আর মন্দিরের সন্ধ্যারতির শঙ্খধ্বনি মিলে তৈরি করে এক অপার্থিব সুরের মূর্ছনা। বাংলার মাটি এভাবেই যুগ যুগ ধরে শিখিয়ে এসেছে—ধর্ম যার যার, উৎসব সবার, আর মানবতাই মানুষের সবচেয়ে বড় পরিচয়।