সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

নিয়ামতপুরে সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ১২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
নিয়ামতপুরে সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা(কালিপূজা) অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার ৩০ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় এ পূজা।


জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী শ্যামা শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যান প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর।


কালী পূজা উপলক্ষ্যে উপজেলা সদরের বালাহৈর শ্রী শ্রী কালি মন্দিরকে নানান সাজে সজ্জিত করা হয়। এ উপলক্ষে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন করা হয়।


বালাহৈর কালী মন্দির কমিটির সভাপতি সংকর দাস বলেন, যতদিন জ্ঞান হয়েছে তখন থেকেই এ মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার আগে থেকে পূজা অনুষ্ঠিত হলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এখনো। সরকারি সহযোগিতা পেলে আরও বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা আমাদের রয়েছে।


সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, আমাদের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। ভক্তকূলকে মন্দির পরিদর্শনের আহ্বান জানান তিনি।

কমিটির সদস্য রতন দাস বলেন, স্বাধীনতার পর থেকেই অনুষ্ঠিত হওয়া এ পূজা আমাদের অহংকার। ভক্তকূল ও রাষ্ট্রীয় উদ্যোগে সহযোগিতা পেলে উন্নয়ন ও আয়োজনের পরিসর আরও বাড়বে বলে জানান তিনি।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, উপজেলায় ৩০ টি মন্দিরে শ্যামাপদ পূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটে নি।