বুধবার, নভেম্বর ১১, ২০২৬

অভিনেত্রী পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের

সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:২৬ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ১০ নভেম্বর ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
অভিনেত্রী পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
অভিনেত্রী পারশা মাহজাবীন ও ব্লগার আসাদ নূর

সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরে চলা তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি (লাইভ) যুক্ত হয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।


লাইভে উপস্থিত হয়ে আসাদ নূর তার বিয়ের পাঞ্জাবি এবং পারশার বিয়ের শাড়ি প্রদর্শন করে বিয়ের কথা নিশ্চিত করেন। সরাসরি খবর না জানিয়ে ছবি ও ভিডিওতে নানা রহস্য ছড়িয়ে রাখার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, সমাজের বিদ্যমান কিছু সামাজিক ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই নাটকীয়তার আশ্রয় নেওয়া হয়েছিল।


আসাদ নূর জানান, ছড়িয়ে পড়া ছবিগুলোতে পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, পটভূমি কিংবা সামাজিক মাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো ছোট ছোট ‘ক্লু’ ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, ব্যক্তিজীবন নিয়ে সমাজের একটি অংশ অত্যন্ত উগ্র মানসিকতা লালন করে। এমনকি তাদের উদ্ধার করা ‘লম্বকর্ণ’ নামের একটি বিড়ালছানার ভিডিওর নিচে নেটিজেনদের কদর্য মন্তব্য দেখে এই ধরনের বিকৃত মানসিকতার মানুষদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন তারা।


পুরুষতন্ত্রের বিরুদ্ধে ‘রোল প্লে’ নিজের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি প্রকাশ করার বিষয়ে আসাদ নূর বলেন, শুরুতে সরাসরি মুখ না দেখিয়ে অনুসন্ধানী মানুষদের মধ্যে কৌতূহল বৃদ্ধি করাই ছিল তাদের মূল লক্ষ্য। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশার ছবির অসদাচরণের তীব্র সমালোচনা করেন তিনি। আসাদ নূর দাবি করেন, বিয়েতে সাধারণত নারীদের আড়ালে রাখার যে সামাজিক প্রবণতা রয়েছে, তার বিপরীতে গিয়ে তিনি নিজে মুখ ঢেকে ‘রোল প্লে’ করার মাধ্যমে পুরুষতান্ত্রিক মানসিকতার কড়া জবাব দিয়েছেন।


ট্যাবু ভাঙা ও নজিরবিহীন প্রচার নিজেদের সম্পর্কের বৈচিত্র্য তুলে ধরে তিনি বলেন, দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ হওয়া সত্ত্বেও মনের মিল থাকলে ভূগোল, ভাষা কিংবা পেশা কোনো বাধা হতে পারে না। বিপুল অর্থ খরচ করেও যে প্রচার চালানো সম্ভব হতো না, নেটিজেনদের স্বতঃস্ফূর্ত কৌতূহল ও বিতর্কের মাধ্যমে সেই নজিরবিহীন প্রচার তাঁরা পেয়ে গেছেন বলে দাবি করেন তিনি।


তথ্যসূত্র: রাইজিংবিডি