চাষীবাজার টোলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর পূর্ব পাশে অবস্থিত টোলঘর চাষীবাজার টোলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মহানন্দা সেতুর টোলঘরের পেছনে এ কর্মসূচি পালিত হয়।
চাষীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পোল্ট্রি ফিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুখলেসুর রহমান আলাল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, আইবিডব্লিউ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি মো. শামসুজ্জামান মুকুল, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী মালা রানী, সাহাবুদ্দিন, শরিফুল ইসলাম ও ওবাইদুল হক প্রমুখ।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ২০০৭ সালে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের সময়ে চাষীবাজার প্রতিষ্ঠিত হয়। এ বাজার থেকে পৌরসভার তিনটি ওয়ার্ডের মানুষ সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন। তাই বাজারটি উচ্ছেদ করা যাবে না। একই সঙ্গে বাজারটি সব সময় টোলমুক্ত রাখার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক জানান, চাষীবাজারে যাঁরা দোকান খুলে ব্যবসা করছেন, তাঁরা অবৈধভাবে ব্যবসা করছেন। বাজারটি ইজারার আওতায় আনতে নোটিশ দেওয়া হয়েছে।