শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ নবনির্মিত মসজিদে নামাজ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ নবনির্মিত মসজিদে নামাজ শুরু

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত চারতলা মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়।


জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরও  জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। এর ধারাবাহিকতায় দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের বাকি কাজও দ্রুত শেষ করা হবে। সব কাজ সম্পন্ন হলে শাহ মখদুম দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার-মসজিদ কমপ্লেক্সে পরিণত হবে।


রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে সিটি করপোরেশন। প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আওতায় দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা মসজিদ নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে মাজার শরীফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।


মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলায় এতদিন দরগাহর পূর্ব পাশে টিনশেডের অস্থায়ী মসজিদে নামাজ আদায় করতেন মুসল্লিরা। গত ২৪ এপ্রিল উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে রাসিক প্রশাসক দ্রুত মসজিদের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন। এরপর কাজ সম্পন্ন করে নতুন মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হলো। এখন থেকে এখানে নিয়মিত নামাজ আদায় করা হবে। অস্থায়ী মসজিদের স্থানে নির্মাণ করা হবে কমপ্লেক্সের প্রশাসনিক ভবন।