শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

নগরজীবনে নারীদের ভোগান্তি, নেই পর্যাপ্ত শৌচাগার

ইরম তারান্নুম প্রজ্ঞা ১৩ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইরম তারান্নুম প্রজ্ঞা ১৩ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
নগরজীবনে নারীদের ভোগান্তি, নেই পর্যাপ্ত শৌচাগার

ঝলমলে চওড়া রাস্তা, পরিষ্কার-পরিচ্ছন্ন ফুটপাত আর পদ্মার নির্মল হাওয়ায় রাজশাহী মহানগরীকে দেশের অন্যতম বাসযোগ্য নগরী বলা হলেও, এই সুন্দর নগরীর আড়ালেই লুকিয়ে আছে এক অচেনা সংকট। নগরীতে প্রতিদিন নানা প্রয়োজনে ঘরের বাইরে বের হন অসংখ্য নারী। কেউ স্কুল-কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ কর্মস্থলে, আবার কেউ কেনাকাটা কিংবা চিকিৎসার প্রয়োজনে ছুটে চলেন নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু দীর্ঘ সময় বাইরে থাকার মধ্যে হঠাৎ শৌচাগারের প্রয়োজন হলে পড়তে হয় বিপাকে। কোথায় যাবেন, কোথায় পাবেন নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার; এমন দুশ্চিন্তা নিয়েই কাটে অনেক নারীর নগরজীবন। 


বিশেষ করে সাহেববাজার, নিউমার্কেট, লক্ষ্মীপুর, ভদ্রা, তালাইমারী, নওদাপাড়া, বিনোদপুর, মহিলা কলেজ রোড, সিঅ্যান্ডবি, রেলগেটসহ নগরীর এই ব্যস্ত এলাকাগুলোতে কেনাকাটা কিংবা বিভিন্ন কাজে দীর্ঘ সময় অবস্থান করেন নারীরা। কিন্তু প্রয়োজনের সময় ব্যবহার উপযোগী শৌচাগার খুঁজে পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক সময় বাধ্য হয়ে বিভিন্ন দোকান, রেস্তোরাঁ কিংবা পরিচিত প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহারের অনুমতি নিতে হয়। আবার কোথাও ব্যবস্থা না পেয়ে প্রয়োজন চেপে রেখেই বাড়ি ফিরতে হয়।


প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের রাজশাহী মহানগরী ১৬টি পাবলিক শৌচাগার রয়েছে। অথচ প্রয়োজন অন্তত ৬০টি। বিদ্যমান শৌচাগারগুলোর অনেকগুলোতেই পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের সমস্যা রয়েছে। অর্থাৎ শুধু শৌচাগার নির্মাণ নয়, সেগুলো ব্যবহার উপযোগী রাখাও বড় চ্যালেঞ্জ। 


স্কুল শিক্ষার্থী সুবাইতা তাসনিম বলেন, পরিবারের সঙ্গে কেনাকাটা করতে বা কোথাও ঘুরতে গেলে অনেক সময় শৌচাগারের প্রয়োজন হয়। কিন্তু বাইরে গেলে মেয়েদের জন্য শৌচাগার খুঁজে পাওয়া কঠিন। তখন খুব অস্বস্তিতে পড়তে হয়। অন্তত নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কাজে অনেক সময় থাকতে হয়। কিন্তু প্রয়োজনের সময় পরিচ্ছন্ন ও নিরাপদ শৌচাগার পাওয়া যায় না। প্রায় সময় পানি কম পান করি, কারণ বাইরে শৌচাগার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে কি না, তা নিয়ে চিন্তা থাকে। এটা একজন নারীর জন্য খুবই বিব্রতকর। মাঝে মধ্যে কাজ ফেলে জরুরি ভাবে বাসায় চলে আসতে হয়। 


শৌচাগারের সংকট শুধু নারীদের সাময়িক অস্বস্তির কারণ হচ্ছে না, প্রভাব ফেলছে তাঁদের স্বাস্থ্যেও। বাইরে বের হলে প্রয়োজনের সময় শৌচাগার পাওয়া যাবে না- এমন আশঙ্কায় অনেক নারী ইচ্ছা করেই পানি পান কমিয়ে দেন। কেউ কেউ দীর্ঘ সময় প্রস্রাবের চাপ আটকে রাখেন। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী ও দীর্ঘ সময় বাইরে থাকা নারীদের মধ্যে এমন অভিজ্ঞতা দেখা যায়। অথচ শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি।


দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা এবং বাইরে শৌচাগার না পেয়ে পানি কম খাওয়া নারীদের শরীরের জন্য এক নীরব ঘাতক। নিয়মিত পর্যাপ্ত পানি না খাওয়া এবং দীর্ঘ সময় বেগ চেপে রাখার ফলে নারীদের মধ্যে ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রথলির কার্যক্ষমতা নষ্ট হওয়া, মারাত্মক ডিহাইড্রেশন, কোষ্ঠকাঠিন্য এবং কিডনিতে পাথরের মতো দীর্ঘমেয়াদী জটিল রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে- বলছেন বিশেষজ্ঞরা।


চাকরিজীবী উম্মে সুমাইয়া সুলতানা বলেন, কাজের প্রয়োজনে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকতে হয়। কিন্তু শৌচাগারের প্রয়োজন হলে কোথায় যাব, তা নিয়ে চিন্তায় পড়তে হয়। অনেক সময় দোকান বা রেস্তোরাঁয় গিয়ে অনুমতি চাইতে হয়। নারীদের জন্য আলাদা, পরিচ্ছন্ন ও নিরাপদ শৌচাগার থাকা কোনো বিলাসিতা নয়, আমি মনে করি এটি মৌলিক প্রয়োজন।


অভিভাবক তানিয়া হোসেন বলেন, মেয়েকে স্কুলে দিয়ে অপেক্ষা করতে হয়। এর পাশাপাশি এই বয়সে ডায়াবেটিস থাকায় দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা সম্ভব হয় না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, স্কুল কেন পুরো এলাকাতে কোনো বাথরুম নাই; একবার খুব খারাপ পরিস্থিতি হয়েছিল, আশপাশে কোনো শৌচাগার না পেয়ে বাধ্য হয়ে কাজ ফেলে বাসায় ফিরতে হয়েছে।


রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন করে ১০টি গণশৌচাগার করার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে চারটি হবে শুধু নারীদের জন্য। তবে ইচ্ছা থাকলেও মিলছে না শৌচাগার নির্মাণের জায়গা। নারীদের চারটি গণশৌচাগারের জন্য আমরা জায়গা খুঁজছি। 


তিনি বলেন, এক সময় নগরীর মানুষ সামাজিক কাজের জন্য অনেক জায়গা দিয়েছিল। কিন্তু এখন হাফ কাঠার জায়গাও যদি কারো থাকে সে তো ছাড়তে চায় না। আমরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামেই কিনবো তবুও কেউ যায়গা দিতে চাচ্ছে না।