বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। ফাইল ছবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।


বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।


বোর্ডের সভার সিদ্ধান্তসংক্রান্ত নথি অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের জন্য শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে দুই হাজার টাকার ব্যবধান থাকায় আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।


এ অবস্থায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ২ উপবিধি অনুযায়ী গোপন ভোটের ব্যবস্থা করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

ভোটের ফলাফলে দেখা যায়, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।


প্রস্তাবিত বেতন নিয়ে যা বলছেন পোশাকশ্রমিকরাপ্রস্তাবিত বেতন নিয়ে যা বলছেন পোশাকশ্রমিকরা

সভায় গৃহীত সিদ্ধান্তে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ১ উপবিধির কথা উল্লেখ করে বলা হয়েছে, উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।


অন্য গ্রেড কত?

নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের (গ্রেড-৪) শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।


মজুরি বোর্ডের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বোর্ডের চতুর্থ সভা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।


রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সোয়া তিনটায় শুরু হওয়া এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে গোপন ভোটের আশ্রয় নেওয়া হয়।


সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন।


মজুরি নির্ধারণ নিয়ে শুরু থেকেই মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে বড় ধরনের ব্যবধান ছিল। সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথম তাদের সংশোধিত মজুরি প্রস্তাব জমা দেয়। শুরুতে তারা সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল। পরে শ্রমিকপক্ষ ২৫ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা দিতে রাজি হয়।


তবে ওই প্রস্তাবে সন্তুষ্ট না হয়ে শ্রমিকপক্ষ তাদের দাবি ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সবশেষে মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দেয়। দুই পক্ষের মধ্যে ব্যবধান কমে না আসায় সোমবার রাত সাড়ে আটটার দিকে কোনও সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।


মঙ্গলবার এক ঘণ্টার বেশি সময় বৈঠক করার পর বিকাল পৌনে পাঁচটায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমি কখনও মালিকপক্ষ আবার কখনও শ্রমিকপক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছি। এমনও হয়েছে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যেও আলাদা কথা বলার সুযোগ করে দিয়েছি।’


তিনি জানান, সোমবারের সভায় শ্রমিকপক্ষ শ্রমিকদের গ্রেড ১-এ ৩৫ হাজার টাকা, গ্রেড ২-এ ৩০ হাজার টাকা, গ্রেড ৩-এ ২৭ হাজার টাকা এবং গ্রেড ৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে। এর বিপরীতে মালিকপক্ষ গ্রেড ১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড ২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড ৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড ৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি দেওয়ার প্রস্তাব করে।


আগের দিনের সভার মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা মজুরি দাবি করে স্লোগান দেন।

পোশাকশিল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে সেই মজুরি ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। তারপর প্রায় ৩০ বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। তখন ন্যূনতম মজুরি নির্ধারিত হয় সাড়ে ১২ হাজার টাকা।


এদিকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে গতকালও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।


গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের এক পর্যায়ে গাজীপুরা এলাকায় মহাসড়কের মধ্যে থাকা পুলিশ বক্স ভাঙচুর করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ বক্সের মালামাল ও আশপাশ থেকে লাকড়ি এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।


টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ জানায়, গতকাল সাভার-আশুলিয়ার কিছু স্থানে চলমান কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়। এ সময় ইটপাটকেল ছুড়ে কারখানা ফটক ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাপে ধাপে বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন