বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

বিএনপির দুই নেতা হত্যার ৬ দিন পর মামলা, নড়াইলের বেন্দারচরে আতঙ্ক

সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১২:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১২:২০ অপরাহ্ন
বিএনপির দুই নেতা হত্যার ৬ দিন পর মামলা, নড়াইলের বেন্দারচরে আতঙ্ক
বেন্দারচরে বাড়িঘরে আগুন-লুটপাটের ক্ষত, নিরাপত্তাহীনতায় বাসিন্দারা/ফাইল ছবি

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মোল্লা ও শাহীন মোল্লা হত্যাকাণ্ডের ৬ দিন পর ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন হামলায় নিহত সোহেল মোল্লার ভাই জুয়েল মোল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী।


বিএনপি দুই নেতা হত্যার জেরে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বাড়ি ও দোকানঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার ৬ দিন পর ২৪ নভেম্বর রাতে মামলা দায়ের হয়।


সরেজমিনে দেখা যায়, গ্রামের বাসিন্দা সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি), সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ৬৭টি বাড়ি ও দোকানঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো কোনো বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। কোনো বাড়িতে শুধু ভাঙচুর ও অগ্নিসংযোগ, আবার কয়েকটি পরিবারে শুধু লুটপাট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


ক্ষতিগ্রস্তরা হলেন- সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, সাবেক কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিপ্লব বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, দাউদ মোল্যা, টুকু বিশ্বাস, পরশ বিশ্বাস, টুলু বিশ্বাস, সিপু বিশ্বাস, কালু বিশ্বাস, মোস্ত বিশ্বাস, শরিফুল বিশ্বাস, আজিম বিশ্বাস, রফিকুল বিশ্বাস, মৌন বিশ্বাস, আশিকুর বিশ্বাস, আকবর মোল্যা, মোস্তায়িন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, কেবর বিশ্বাস, মাহবুব বিশ্বাস, ছালাম বিশ্বাস, ছাকায়েত বিশ্বাস, তাজু বিশ্বাস, জাবের মোল্যা, রাসেল মোল্যা, রাজিব মোল্যা, মান্নান মোল্যা, জাকারিয়া ফকির, শিমুল মোল্যা, গহুর মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, রনিত শেখ, তোরাফ শেখ, সুরাফ শেখ, ইয়ানুর শেখ, পিকুল শেখ, ছামাদ শেখ, ছায়াদ শেখ, নুর ইসলাম, বক্কার মোল্যা, হান্নান সিকদার, আকমান সিকদার, নজরুল কাজী, টিপু বিশ্বাস, জাহিদুল শেখ, মফিজ শেখ, আনিসুল হক (পিকলু), দুলু বিশ্বাস, বুলু বিশ্বাস, মোয়াজ্জেম শেখ, বসার শেখ, বক্কার শেখ, হাফিজুর রহমান শেখ, শাহাজান বিশ্বাস, সিদ্দিক শেখ, রস্তম মোল্যা, আয়ুব মোল্যা, শহীদ বিশ্বাস, ফিরোজ মোল্যা, ইসমাইল বিশ্বাস।


পোড়া বাড়িতে দাঁড়িয়ে আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‌‘আমার এই বিল্ডিংটাই ছয়টা রুম, সবগুলো পুড়াই দিছে। রান্নাঘর পুড়াই দেছে, গোয়াল, খেড়ার পালা- সমস্ত কিছু মালামাল পুড়াই দেছে। যদ্দুর যা পারিছে, নিয়ে গেছে, আর সব পুড়াই দিয়ে গেছে। আমি একা বিটি মানুষ আছি। এখনো ভয়ের মধ্যে আছি। গতরাতেও ঘরের ‍গ্রিল ভাঙিছে। শব্দ শুনে লাইট নিয়ে আসলে, চলে গেছে।’


তিনি বলেন, ‘আমাদের সময় যাচ্ছে অনেক কষ্টে। আমরা মহিলা কেউ বাসায় নিরাপদ না। প্রত্যেকের ভয় ঢুকে গেছে। বাসায় রাত্রে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা বাসায় রাত্রে থাকি না।’


তথ্যসূত্র: জাগোনিউজ