বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারী সমিতির জেলা কমিটির নাম ঘোষণা
বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারী সমিতি রাজশাহী বিভাগীয় কমিটির উদ্দ্যোগে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা কমিটির নাম ঘোষণা ‘ডি-ফরম’ বিতরণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির আহ্বায়ক মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব রাকিবুল ইসলাম (রাকিব) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য আল আমিন (কাজল)। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের অন্তর্গত রাজশাহী সেরিকালচার কার্যালয়ের মাঠে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন। তিনি বলেন, দৈনিক মজুরি ভিত্তিক সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা আমাদের অধিকার পূরণে একাট্টা হয়ে কাজ করবো। দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারিরা সবচেয়ে অবহেলিত। এখানে আমরা অনেকটা রোহিঙ্গার মতো কাজ করি। বিশ্বের প্রতিটি দেশেই কর্মস্থলে নূন্যতম একটা অধিকার কর্মরতদের আছে। শুধু বাংলাদেশের অনেকক্ষেত্রেই সেটা নেই। কর্মের ক্ষেত্রে আমরাও অধিকার বঞ্চিত। দীর্ঘদিন ধরে জেলা কমিটি ঘোষণার কথা থাকলেও সেটা অনেকদিন পর আজ ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
সেরিকালচারে দৈনিক ভিত্তিতে কর্মরত তাসেন বলেন, এক প্রতিষ্ঠান দুইরকমভাবে চলেনা। আমরা সবাই একইধরনের অধিকার চাই। কর্মকর্তারা বিভিন্নভাবে আমাদের উপর ক্ষমতার অপব্যবহার করেন। আউট সোর্সিং পদ্ধতিতে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের ভাগ্যের কোন উন্নতি হয়না। আগামীতে আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের অধিকার পূরণ করতে চাই। বক্তারা আরো বলেন, আমরা মাস্টাররোলও না, ক্যাজূয়ালও না। আমরা নগরীর রেলগেটের মতো লেবার সদৃশ্য কর্মচারি। বছরের পর বছর কাজ করেও আমরা চাকুরি স্থায়ীকরণের তালিকায় আজও আসতে পারিনি। এটা একধরনের বৈষম্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরেও এইধরনের বৈষম্য ও অধিকার হরণ কাম্য নয়। চাকুরি স্থায়ীকরণের দাবিতে আমরা সবাই মিলে সংগ্রাম ও আন্দোলন করে যাবো।