রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

পুঠিয়ায় আগুনে পুড়ল বসতবাড়ি, দগ্ধ নারী হাসপাতালে

পুঠিয়া প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
পুঠিয়ায় আগুনে পুড়ল বসতবাড়ি, দগ্ধ নারী হাসপাতালে

রাজশাহীর পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে লাগা আগুনে পুড়ে গেছে এক নারীর বসতবাড়ি। আগুনে বাড়ির আসবাবপত্রসহ দুটি কক্ষ ও রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ সময় বাড়ির মালিক জহুরা বেগম (স্বামী মজিবর রহমান) দগ্ধ হয়ে আহত হয়েছেন।


শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার হাতিনাদা পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জহুরা বেগমের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির দুটি কক্ষ ও আসবাবপত্রে। আগুন নেভানোর চেষ্টা করেও ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এ সময় জহুরা বেগম দগ্ধ হন।


পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।


খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


অগ্নিকাণ্ডে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।