ভোলাহাটে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকসহ মাহিরন বেগম (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় তাঁর স্বামী শাকিউল হক পালিয়ে যান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত তিনটার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় শাকিউল হকের বাড়িতে অভিযান চালিয়ে মাহিরনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, শাকিউল হকের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে মাদক মজুত করা হয়েছে। পরে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাকিউল পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মাহিরনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার মাহিরনের দেওয়া তথ্য ও দেখানো মতে তাঁদের বাড়ির শয়নকক্ষে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১৮৩ বোতল।
প্রাথমিক তদন্তে এসআরবি জানতে পেরেছে, শাকিউল ও মাহিরন স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা করে আসছিলেন।
গ্রেপ্তার মাহিরন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।