রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সৌরবিদ্যুৎ ব্যবহারে নগরবাসীকে সম্পৃক্ত করা

সোনার দেশ ২৮ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২৮ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
সৌরবিদ্যুৎ ব্যবহারে নগরবাসীকে সম্পৃক্ত করা

উদ্যোগ নিতে হবে রাসিককে

জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুতের প্রচলিত উৎসের ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে সৌরবিদ্যুৎ হতে পারে রাজশাহীর মতো সম্ভাবনাময় নগরীর জন্য একটি কার্যকর ও টেকসই সমাধান। এ ক্ষেত্রে শুধু সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করলেই হবে না, ব্যক্তিপর্যায়েও এর ব্যবহার বাড়াতে হবে। নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নিতে হবে।


রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্মকর্তাদের মতবিনিময় সভায় নগরীতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় সরকারি স্থাপনাগুলোতে সৌর প্যানেল স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। তবে এই পরিকল্পনা যেন শুধু আলোচনা বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


সভায় রাসিক প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সিটি করপোরেশনের নিজস্ব ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদনে নগরবাসীকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।


আমরা মনে করি, রাজশাহীতে সৌরবিদ্যুৎ ব্যবহারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বছরের অধিকাংশ সময় পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। এই প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিবিতান ও আবাসিক ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব। এতে একদিকে বিদ্যুতের প্রচলিত উৎসের ওপর চাপ কমবে, অন্যদিকে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে। একই সঙ্গে পরিবেশদূষণ কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসেও ইতিবাচক ভূমিকা রাখবে।


তবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসারে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রথমত, সিটি করপোরেশনের নিজস্ব ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের জন্য সুনির্দিষ্ট সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা করতে হবে। দ্বিতীয়ত, সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন ব্যয়, রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ ব্যবহারের সুবিধা সম্পর্কে নাগরিকদের স্পষ্ট ধারণা দিতে হবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য সহজ শর্তে ঋণ কিংবা প্রণোদনার ব্যবস্থা করা গেলে এ উদ্যোগ আরও জনপ্রিয় হবে।


এ ক্ষেত্রে নেসকো ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সৌরবিদ্যুৎ উৎপাদন, গ্রিডে সংযুক্তি এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ-সুবিধা সহজ করতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বড় পরিসরে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যেতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানোও প্রয়োজন।


মনে রাখতে হবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুধু বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করারও অংশ। রাজশাহীকে পরিবেশবান্ধব ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ সময়োপযোগী। এখন প্রয়োজন পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। সরকারি স্থাপনা থেকে শুরু হওয়া এই উদ্যোগ একসময় নগরীর প্রতিটি পাড়া-মহল্লা ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা।