নগরীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা এই মোড়টির নাম দিয়েছেন ‘মরণ রাস্তার মোড়’। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত এক নারী, এক পুরুষ ও আট বছর বয়সী এক শিশুকন্যা চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারো রাস্তার মোড় থেকে একটু দূরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বারো রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, বারো রাস্তার মোড়ে অপরিকল্পিত সড়ৃেকর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কয়েকমাস আগে দুর্ঘটনার পর তারা অবরোধ করলে এখানে একটি গোলচত্বর করে সিটি করপোরেশন। তবে এ গোলচত্বর খুবই ছোট। তাই এখনও দুর্ঘটনা ঘটছে। তারা গোলচত্বর বড় করে নির্মাণ ও গতিরোধক দেওয়ার দাবি জানান।
পরে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে কথা বলেন। তারা এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর তারা বিক্ষোভ তুলে নেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হবে। বাসটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারি পালিয়ে গেছে।