শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই :নাটোরে সারজিস আলম

নাটোর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। আইনগত জটিলতা না থাকলেও শাপলা প্রতীক না দেওয়া এক ধরণের স্বেচ্ছাচারিতা। যদি শাপলা প্রতীক না দেওয়া এক ধরণের ক্ষমতার অপব্যবহার। সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরের একটি রেস্তোরায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।
এনসিপি নেতা সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামী নির্বাচনের দিকে যেতে হবে। এটা অভ্যুস্থানের একটা অপরিহার্য ডিমান্ড। এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। আমরা বিশ্বাস করি, জুলাই সনদ ও নির্বাচন মুখোমুখি দাড়াবে না।
তিনি বলেন, আগামী দুই মাসের সাংগঠনিক রোডম্যাপ ও সকল সাংগঠনিক নির্দেশনা নেতাকর্মীদের মাঝে তুলে ধরতে জেলা শহরগুলোতে যাচ্ছি। আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে কেন্দ্র থেকে প্রতিটি ওয়ার্ডে এনসিপি’র শক্তিশালী কমিটি থাকবে। এটা করতে পারলে আগামী গণতান্ত্রিক নির্বাচনে এনসিপি’র শক্তিশালী ভূমিকা থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নাজমুল, নাটোর জেলার প্রধান সমন্বয়কারী প্রফেসর জার্জিস কাদির, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।