চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের চার দফা দাবিতে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা চার দফা দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেছে। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে জান জট এর সৃষ্টি হয়।
জানা গেছে, শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বারঘোরিয়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে তারা। অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। শিক্ষার্থীরা জানান, কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পেশাগত সমস্যা নিরসন, ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।
পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে যানজোট মুক্ত করেন।