রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০২ অপরাহ্ন
WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে মিজান (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার আইরামারী বিনোদপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, মিজানের বিরুদ্ধে ২০১৬ সালে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর তিনি ছদ্মবেশে আত্মগোপন করেন এবং দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। আদালত ওই মামলায় প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেন। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

র‌্যাব–৫, চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব–৪, মানিকগঞ্জের যৌথ অভিযানে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব–৫ এর একজন কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।