রবিবার, জুন ২১, ২০২৬

রাণীনগরে তিন জুয়ারীর দণ্ড

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন
রাণীনগরে তিন জুয়ারীর দণ্ড

নওগাঁর রাণীনগরের একটি জুয়ার আসর থেকে তিনজন জুয়ারীকে আটক করে দণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চককুতুব গ্রামে থানা পুলিশ অভিযান পরিচালনা করে তিন জুয়ারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল লতিফ। 

স্থানীয়রা জানান, প্রভাবশালীদের ম্যানেজ করে দীর্ঘদিন যাবত চককুতুবগ্রামে জুয়ারীরা জুয়ার আসর পরিচালনা করে আসছে। এমন জুয়ার আসরের কারণে অত্র অঞ্চলের অনেক মানুষ পথের ফকির হয়ে গেছে। অনেকে ঋণ করে ও সুদের উপর টাকা নিয়ে জুয়া খেলার কারণে এলাকা ছাড়া হয়েছে।

অনেক পরিবার জুয়া খেলার কারণে নিঃস্ব হয়ে গেছে। তাই শুধু মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা না করে চিহ্নিত জুয়ারুদের আটক করে দীর্ঘ আইনী শাস্তি নিশ্চিত করতে পারলে তবেই এলাকাবাসীদের মাঝে স্বস্তি ফিরে আসতো। তাই আগামীতেও এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা। 

থানার ওসি আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার চককুতুবগ্রামে জুয়ার আসর চলছে। এসময় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরবর্তিতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন উপজেলার চককুতুব গ্রামের মালেক সরদারের ছেলে রাকিব হোসেন (২৮) কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড,

একই উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাইদুর প্রামানিকের ছেলে এনামুল হক (২৬) কে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা এবং সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন (৪২) কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলাকে মাদকমুক্ত করতে ও অপরাধমূলক কর্মকাণ্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ সুপার স্যারের পরামর্শ ও নিদের্শনা মোতাবেক আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।