শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

খুলনায় যুবককে সেলুন থেকে বের করে গুলি করে হত্যা

সোনার দেশ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন
খুলনায় যুবককে সেলুন থেকে বের করে গুলি করে হত্যা

খুলনায় রাকিব হোসেন (২২) নামের এক যুবককে সেলুন থে‌কে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে মাথায় গু‌লি ক‌রে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পিতবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে।

স্থানীয়রা জানান, একটি সেলুনে বসে ছিলেন রাকিব।

হঠাৎ দুই যুবক সেলুন থে‌কে রাকিবকে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে যান। তারা রাকিবের মাথায় পরপর দুটি গু‌লি ক‌রেন। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে রাস্তা দিয়ে চলে যান। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন বলেন, এত লোকের মধ্যে আমার ভাইরে মারলো কেউ একটু এগিয়ে এলো না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে সদর থানা ও লবনচরা থানা পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আমরা দুটি তাজা গুলি উদ্ধার করেছি।

এ ঘটনায় জড়িতদের কিছু নাম পেয়েছি। আমাদের টিম ফিল্ডে কাজ করা শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। রাকিবও একটি গ্রুপের সদস্য। তার বিরুদ্ধেও মামলা রয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ