রবিবার, জুন ২১, ২০২৬

ভূমির সমস্যা দূরীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে: ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
ভূমির সমস্যা দূরীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে: ভূমিমন্ত্রী মিনু

ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


ভূমিমন্ত্রী মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় সম্পূর্ণভাবে আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। যেখানে অনিয়ম, দুর্নীতি বা দীর্ঘসূত্রতা রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আবেদন নিষ্পত্তির সময় কমাতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি কর সংক্রান্ত সেবা ও অন্যান্য ভূমি-সম্পর্কিত কার্যক্রম একই স্থানে দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না এবং দালালচক্রের দৌরাত্ম্যও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।


রাজশাহীবাসীর সার্বিক উন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি সেক্টরসহ উত্তরাঞ্চলে শিল্পঘন পরিবেশ গড়ে তোলা হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে রাজশাহীকে একটি আধুনিক ও কর্মমুখর অঞ্চলে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।


সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।