রাজশাহীতে ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের
ভূমিসেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানি, অযথা বিলম্ব ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দ্রুত, সহজ ও নির্ভুল সেবা দিতে হবে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত মাসিক রাজস্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’।
জেলা প্রশাসক বলেন, সরকারি রাজস্ব আদায়ে গাফিলতি, ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল ভূমিসেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা ও সরকারি সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। সরকারি জমি ও সম্পত্তি রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। প্রতিটি কাজ প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।
সম্মেলনে জেলার ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমিসেবার মানোন্নয়ন এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনগণের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং ভূমিসেবা প্রদানে দীর্ঘসূত্রতা পরিহার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, এসএ শাখা ও ভিপি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।