তানোরে মোবাইল না কিনে দেয়ায় হাইভোল্টেজ খুঁটিতে কিশোর
বাকপ্রতিবন্ধী কিশোর সুমন (১৫)। বাবার কাছে আবদার করেছিল নতুন মোবাইলফোনের। কিন্তু মোবাইলফোন দিতে ব্যর্থ হন বাবা। এতে অভিমান করে উঠে পড়েন হাইভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে। চেষ্টা করেন আত্মহত্যার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চিমনা গ্রামের পাশে বিলের মাঝে হাই ভোল্টেজের খুঁটিতে চড়ে বসে থাকতে দেখতে পান কিছু কৃষক। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তানোর ফায়ার সার্ভিস কর্মীরা খুঁটি থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
তানোর ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আত্মহত্যার চেষ্টাকারী সুমন আলী নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করা হয়। তাকে পল্লীবিদ্যুতের খুঁটির ওপর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখানে বিদ্যুতের ভোল্ট ৫০০ এর বেশি। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।