রবিবার, জুন ২১, ২০২৬

নাটোরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬

নাটোর প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
নাটোরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৬

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, শুক্রবার বিকেলে কথা কাটাকাটির পর এই সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। 


আহতরা হলেন, পিঁপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলীসহ তার পরিবারের তিনজন এবং প্রতিপক্ষ একই দলের সহ-সভাপতি লিটন ও রিপনসহ অন্তত তিনজন আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রিপনের হাতের ২টি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে; অপরদিকে আরব আলীও রক্তাক্ত হয়েছেন। ওই দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য আহতদের নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ওই সংঘর্ষকে রাজনৈতিক নয় বরং পারিবারিক দাবি হিসেবে উল্লেখ করে জানান, এটি উভয় পরিবারের মধ্যে তৃতীয় দফার সংঘর্ষ। বিষয়টি নিষ্পত্তির জন্য অনেক চেষ্টা করা হয়েছে। 


তিনি আরও বলেন, এ ঘটনায় যাদের দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ওই দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ও মামলা চলমান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।