নিয়ামতপুরে ইট ভাটায় অভিযান চালিয়ে ১০লক্ষ টাকা জরিমানা
নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা করে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের নেতৃত্বে ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত উপজেলার গাবতলী এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লক্ষ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লক্ষ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকসকে ৩ তিন লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ান আনসার , নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনায় থাকা ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।