রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

রাস্তায় পাওয়া টাকা মাইকিং করে মালিকের হাতে তুলে দিলেন দুই বন্ধু

সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
রাস্তায় পাওয়া টাকা মাইকিং করে মালিকের হাতে তুলে দিলেন দুই বন্ধু
দুই বন্ধু কলেজছাত্র আবু রাহাত ও আবু সোহান

টাঙ্গাইলের সখিপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা মাইকিং করে প্রকৃত মালিককে খুঁজে তার হাতে তুলে দিয়েছেন দুই বন্ধু কলেজছাত্র আবু রাহাত ও আবু সোহান। তাদের সততা ও মানবিকতা দেখে প্রশংসা করছেন স্থানীয় লোকজন।


রাহাত ও সোহান উপজেলার মহানন্দপুর গ্রামের বাসিন্দা। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পলাশতলী এলাকায় ঘুরতে যাওয়ার পথে বড়চওনা-কালিহাতী সড়কে টাকাগুলো পড়ে থাকতে দেখেন তারা দুই বন্ধু। পরে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে উদ্যোগ নেন দুজনে। এজন্য স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টাকার মালিকের সন্ধান করা হয়।


অপরদিকে টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মালিক আজিজুল। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) পদে চাকরি করেন। টাকা হারানোর পর কালিহাতী ও সখিপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সন্ধান শুরু করেন। একপর্যায়ে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে টাকার প্রকৃত মালিক হিসেবে আজিজুলকে শনাক্ত করা হয়। তার বাড়ি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে।


রোববার (২৫ অক্টোবর) দুপুরে মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আজিজুলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেন রাহাত ও সোহান।


হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন আজিজুল। অন্যদিকে, টাকার প্রতি লোভ না করে প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফিরিয়ে দেওয়ায় দুই বন্ধুর প্রশংসা করছেন স্থানীয় লোকজন। তাদের ভাষ্যমতে, এমন সততা ও মানবিকতার দৃষ্টান্ত সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।


টাকার মালিক আজিজুল বলেন, ‘এই সময়ে টাকা পেয়ে ফেরত দেওয়ার মানুষ সমাজে একেবারেই কম, তাও আবার ৮০ হাজার টাকা। তারা ইচ্ছা করলে ফেরত নাও দিতে পারতেন। টাকাগুলো আমার জরুরি কাজের জন্য নিয়ে যাচ্ছিলাম। টাকাগুলো পেয়ে আমি কলেজছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন