চাঁপাইনবাবগঞ্জে অস্বচ্ছন্দ পরিবারের মাঝে ইদের নতুন পোশাকসহ খাদ্য সামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কামাটিকর গ্রামসহ আশেপাশের খাস জমিতে বাস করা ৩২টি পরিবারের মাঝে ইদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পরিবারগুলোর সদস্যদের হাতে এসব নতুন জামা কাপড় তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ পক্ষ থেকে শাড়ি এবং চিকিৎসক আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় লুঙ্গি ও ইদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লার আরও ৮ টি দুস্থ পরিবারের মধ্যে লুঙ্গি ও খাদ্যসমগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের জাগো নারী বহ্নিশিখা’র উপদেষ্টা বিলকিস চৌধুরী, সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, ছবি রানী সাহা, লিপি রায়, সানজিদা হক, ডলিয়ারা বেগম, সুলতানা জাহান, ঊমা মন্ডল, জহিরুল ইসলাম, রামিজ আহমেদসহ অন্যরা।
ফারুকা বেগম বলেন, জাগো নারী বহ্নিশিখা ভালো কাজের জন্য বরাবরই এসব কাজের সঙ্গে যুক্ত থাকে। প্রতিবছরই ইদ, পূজাতে অসহায় নারীদের মাঝে নতুন কাপড় ও খাবার বিতরণ করে থাকে। এবার এ গ্রামের খাস জমিতে বাস করা মানুষদের সাহায্য করতে পেরে ভালো লাগছে। আমাদের এমন ভালো উদ্যোগ অব্যাহত থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের ইদ উপহারের মধ্যে লুঙ্গি ও খাদ্যসামগ্রীর অর্থায়ন করেছেন চিকিৎসক আঞ্জুমান আরা। যিনি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে তবে বর্তমানে ঢাকায় কর্মরত।