নগরীতে বিএসটিআই লাইসেন্সবিহীন বেকারিকে জরিমানা
নগরীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করায় একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করার অভিযোগ পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করার প্রমাণ মেলে। এ অপরাধে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারী নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।