এবার পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ৫ আসামি ছিনতাই
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের ওপর হামলার এক দিন পর এবার পুলিশকে অবরুদ্ধ করে পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাশেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, সাবেক এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসেন ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক আশিক। এ সময় চাঁদাবাজ আব্দুল্লাহ, তাঁর এক সহযোগীসহ তিনজনকে আটক করে হ্যান্ডকাফ পরায় পুলিশ।
খবর পেয়ে স্থানীয় আরেক সন্ত্রাসী জনির নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ঘেরাও করে তাদের কাছ থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়। হ্যান্ডকাফ পরিহিত আটক দুজনকেও ছাড়িয়ে নিয়ে যায় তারা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপের সন্ত্রাসীরা একটি টিনশেড বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে লুটপাট করছিল। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে লুট করা মালপত্রসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে যায়। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করে। এই ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই বুধবার বিকেলে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল।
তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন