বুধবার, মে ০৬, ২০২৬

কাবাডি প্রতিযোগিতায় সিংড়া ও বাগাতিপাড়া উপজেলা দলগত চ্যাম্পিয়ন

নাটোর প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন
কাবাডি প্রতিযোগিতায় সিংড়া ও বাগাতিপাড়া উপজেলা দলগত চ্যাম্পিয়ন

নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের নারী  ও বালক বিভাগের কাবাডি প্রতিযোগিতার পৃথক ফাইনাল খেলা হয়েছে। বুধবার (৬ মে) বিকালে নাটোর জেলা ষ্টেডিয়ামে  চরম উত্তেজনার মধ্য দিয়ে বালক বিভাগের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় লালপুর উপজেলা দলকে ১৭-৪৯ পয়েন্টে  পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিংড়া উপজেলা দল। 


অন্যদিকে নারী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাগাতিপাড়া উপজেলা নারী কাবাডি দল। 


এতে রানার্সআপ হয়েছে নাটোর সদর উপজেলা নারী কাবাডি দল।  এ খেলায় সদর উপজেলা নারী কাবাডি দলকে ৩০-৪১ পয়েন্টে পরাজিত করে বিজয়  অর্জন করে  বাগাতিপাড়া উপজেলা দল। 


এসময় নাটোর জেলা ক্রীড়া অফিসার  রাকিবুল হাসান এছামি, ক্রীড়া সংগঠক বাদশা আলম, ফয়জুল হক শামীম, মোজাম্মেল হক বাবু ও মাসুদ রানাসহ ক্রীড়া  সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতাটি নারী ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ভবিষ্যতে কাবাডির জনপ্রিয়তা আরও বাড়াবে বলেও মত দেন তারা। 


চ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, কাবাডি খেলোয়াড় সাদ্দাম হোসেন। তার দক্ষ প্রশিক্ষণ ও কৌশলগত নির্দেশনায় দলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিততে সক্ষম হয়।