এনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী ও হাসনাতের পদোন্নতি, দৌড়ে পিছিয়ে সারজিস ও আসিফ
প্রতিষ্ঠার পৌনে দুই বছরে জাতীয় সম্মেলন করতে না পারলেও শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন এনেছে চব্বিশের অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে দলের ফেইসবুক পোস্টে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়েছে।
এতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন পুনর্বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ শুরু থেকে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল); আর নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক পদে ছিলেন।
দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ দেওয়া হয়েছে।
নতুন পুনর্গঠিত কমিটিতে সারজিস ও আসিফ অন্যদের তুলনায় দৌড়ে পিছিয়ে পড়েছেন।
জুলাই অভ্যুত্থানের পর দলের গুরুত্বপূর্ণ নেতা সামান্তা শারমিন শুরুতে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এখন তিনি শুধুই যুগ্ম আহ্বায়ক।
গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করার কারণে তার আপত্তি ছিল। ওই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি।
তথ্যসূত্র: বিডিনিউজ