শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ২৩ অক্টোবর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ অক্টোবর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চেসি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


প্রক্টর মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। পরে কিছু সময়ের জন্য বাইরে আসেন। এর কিছুক্ষণ পর চেসির সহপাঠী রিসার্চ চাকমা তাকে জানান, চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে গিয়েছিলেন চেসি। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।


দুর্ঘটনার পর প্রথমে চেসিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।