সান্তাহারে ৩ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের রক্তদহ বিলের শাখাসংলগ্ন এলাকায় দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে এলাকার সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাক্খের আলম স্বপন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মঞ্জু, সান্তাহার পৌর বিএনপির সদস্য আতোয়ার হোসেন, পৌর যুবদলের আব্দুর সবুর সবুজ, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, যুবনেতা ফারুক হোসেন জিকো এবং ছাত্রদলের সাবেক নেতারা।
এ ছাড়া দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উপদেষ্টা খায়রুল ইসলাম, সভাপতি জাকাতুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান হেলু, ব্যবসায়ী ফারুক হোসেন, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদ, এলাকাবাসী ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।