পাবনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে নুরে মদিনা মহিলা মাদ্রাসায় শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর ) রাতে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রকাশ হয়। ছাত্রীটি ধর্ষণের হাত থেকে বাঁচতে গভীর রাতে মাদ্রাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়।
পরে এ ধর্ষণের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা। এই শিক্ষকের বিরুদ্ধে ওই মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক এবং ভুক্তভোগী ছাত্রী উভয়েই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
পাবনা পুলিশ সুপার আলী আশ্রাফ জানান, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদ্রাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।