শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

তালেবানের সমালোচনা করে কবিতা লেখার অভিযোগে নারী কবি গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
তালেবানের সমালোচনা করে কবিতা লেখার অভিযোগে নারী কবি গ্রেপ্তার
কবি মুজদা উজবেক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে তালেবান গোয়েন্দা বাহিনীর হাতে আটক হয়েছেন কবি ও স্কুলশিক্ষিকা মুজদা উজবেক। তালেবান সরকারের নীতির সমালোচনা করে কবিতা লেখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।


আফগান সংবাদমাধ্যম রুখশানা মিডিয়া, আফগানিস্তান ইন্টারন্যাশনাল ও কাবুল নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, মুজদা উজবেককে সেপ্টেম্বরের শেষ দিকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমে আসতে বেশ সময় লেগেছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, তাখার প্রদেশের খাজা ঘার জেলা থেকে মুজদা উজবেককে তার স্বামীসহ আটক করা হয়। পরে তাদের প্রাদেশিক রাজধানী তালোকানে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে মুচলেকা বা নিশ্চয়তা প্রদানের শর্তে তার স্বামীকে মুক্তি দেওয়া হলেও মুজদা এখনো তালেবানের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো।


স্থানীয় সূত্রগুলোর দাবি, তালেবান সরকারের নীতির সমালোচনা করে কবিতা লেখার পাশাপাশি সাবেক আফগান রাজনীতিক আবদুল রশিদ দোস্তুমের মেয়ে রাহিলা দোস্তুমের সঙ্গে মুজদা উজবেকের সম্পর্কও তার আটকের পেছনে একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়টি নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।


এদিকে, রাহিলা দোস্তুম প্রকাশ্যে মুজদা উজবেকের আটকের নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে উদ্বেগজনক ও অযৌক্তিক বলে উল্লেখ করে কবিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, কবিতা লেখা ও স্বাধীনভাবে চিন্তা করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়।


মুজদা উজবেক আফগানিস্তানের উজবেক সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য। তিনি কবি, লেখিকা ও স্কুলশিক্ষক হওয়ার পাশাপাশি পাঁচ সন্তানের জননী।


মুজদা উজবেকের আটকের ঘটনায় আফগানিস্তানে মতপ্রকাশের স্বাধীনতা এবং লেখক-শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মুক্তির দাবিতে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


২০২১ সালের আগস্টে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে সাংবাদিক, লেখক, অধিকারকর্মী ও সরকারের সমালোচকদের আটক করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।


তালেবান শাসনামলে আফগানিস্তানের গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব বিধিনিষেধের কারণে বহু গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, সাংবাদিকেরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং লেখক ও শিল্পীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ সংকুচিত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


এ ছাড়াও সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও তালেবান কর্তৃপক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে দেশটির অনেক সংগীতশিল্পী ও অন্যান্য শিল্পী পেশা পরিবর্তন করতে কিংবা আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মুজদা উজবেকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তাকে ঠিক কোথায় আটক রাখা হয়েছে কিংবা তার শারীরিক অবস্থা কেমন- এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাখার প্রদেশের তালেবান কর্মকর্তারাও তার আটকের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বলে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।


প্রতিবাদী কবিতা ও প্রেমের কবিতা লেখার ওপর তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট পরিধি ও কার্যকর হওয়ার সময় সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত।


তথ্যসূত্র: রাইজিংবিডি