শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

সহিংসতা ঠেকাতে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
সহিংসতা ঠেকাতে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন
বৃহস্পতিবার প্যারিসের কেন্দ্রে আয়োজিত এক সমাবেশে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশের অবস্থান

স্কুলগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন, আরো বেশি শিক্ষক নিয়োগ এবং তাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের মতামতকে আরো গুরুত্ব দেওয়ার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীরা আবারো বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভে সহিংসতা ঠেকাতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।


সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হাই স্কুলের শিক্ষার্থীরা শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ শ্রেণিকক্ষ (যেখানে অনেক সময় ৪০ জনেরও বেশি শিক্ষার্থী থাকে) এবং জরাজীর্ণ স্কুল ভবনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। গত সপ্তাহে সহিংসতার সময় দুই শতাধিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্রান্সে যখন ছয় মাস পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—এমন এক উত্তেজনাকর মুহূর্তে—শিক্ষার্থীদের এই ক্ষোভ একটি দেশব্যাপী আন্দোলনে রূপ নিয়েছে। 


১৮ বছর বয়সী শিক্ষার্থী এবং ‘ওয়ার্কিং-ক্লাস নেইবারহুডস’ (শ্রমজীবী অধ্যুষিত এলাকা)-এর হাইস্কুল শিক্ষার্থীদের ফেডারেশনের অন্যতম প্রধান মুখ সুমায়া সারে বলেন, “বছরের পর বছর ধরে আমাদের কেবল প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে, কিন্তু তার কোনোটিই রাখা হয়নি। আমরা চাই, প্রতিশ্রুতির পাশাপাশি যেন বাস্তব ফলাফলও দেখা যায়। আমরা আমাদের হাই স্কুলগুলোতে প্রকৃত পরিবর্তন দেখতে চাই।”


এদিকে, সহিংস বিক্ষোভ ঠেকাতে কড়া অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি সরকার। বিক্ষোভের সময় ভাঙচুর ঠেকাতে শনিবার বেশ কিছু জাদুঘর ও পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে—যার মধ্যে প্যারিসের প্রধান জাদুঘর লুভর এবং ওরসে অন্তর্ভুক্ত। এছাড়া দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও সুরক্ষার খাতিরে কাঠের তক্তা দিয়ে ঢেকে ফেলা হচ্ছে।


ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শনিবার সরকার ৭০ হাজার পুলিশ ও জঁদার্ম (জাতীয় পুলিশ বাহিনীতে কর্মরত সামরিক কর্মকর্তা) সদস্যকে শহরের রাস্তায় মোতায়েন করছে।


দাঙ্গা দমনকারী দল এবং অন্যান্য বিশেষায়িত এলিট ইউনিটগুলোকে কাজে লাগানো হবে। এমনকি পুলিশ প্রশিক্ষণার্থীদেরও সহায়তাকারী হিসেবে যুক্ত করা হচ্ছে।


নুনেজ গত সপ্তাহান্তের বিক্ষোভের সময় ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “যারা ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে এবং যারা নানা ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাদের প্রতি কর্তৃপক্ষ কঠোর অবস্থানে থাকবে—কোনো ছাড় দেওয়া হবে না।”


তিনি বলেন, “১৭ অক্টোবর যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের লুটপাট এবং সরকারি স্থাপনার ওপর হামলা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখব।”


তথ্যসূত্র: রাইজিংবিডি