শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

জর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭

সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৩ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
জর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭

জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।


শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কারাক গভর্নরেটের ওই গির্জায় এ হামলার ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে গির্জার ভেতরে গুলি চালায়।


পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।


অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া খালেদ বুরকান জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকাকে জানান, গুলি চালানোর সময় গির্জার ভেতরে কয়েক ডজন মানুষ উপস্থিত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, রাইফেল ও পিস্তল নিয়ে দুই হামলাকারী কয়েক মিনিট ধরে শোকাহত ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়।


এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।


তথ্যসূত্র: বিবিসি, বাংলানিউজ