বিশেষ চাহিদাসম্পন্ন কালেজছাত্রের তৈরি বাহনে চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন কালেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি বাহনে চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এমন উদ্ভাবনী প্রচেষ্টার জন্য ওয়াকিমুলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী, দেন উৎসাহ।
শনিবার (৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুলকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রী তার তৈরি বিশেষ বাহনে বসে তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গাড়িটি চালাচ্ছেন ওয়াকিমুল ইসলাম এবং পাশে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আলোচনার সময় প্রধানমন্ত্রী গাড়িটির প্রযুক্তিগত দিক, নির্মাণ ব্যয়, ভবিষ্যৎ উন্নয়নের সুযোগ এবং কাজের ক্ষেত্রে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে—এসব বিষয়ে জানতে চান। উত্তরে ওয়াকিমুল জানান, তার উদ্ভাবিত ‘স্মার্ট কারটির’ কাজ এখনো চলমান এবং প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে।
এ সময় ওয়াকিমুলের বাবাও উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি