শনিবার, মে ০৯, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় যুদ্ধ জাহাজ

সোনার দেশ ডেস্ক ০৯ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় যুদ্ধ জাহাজ

তিনদিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৮ মে) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। চট্টগ্রামাস্থ বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী সুরে ব্যান্ড পরিবেশন করে অতিথিদের অভ্যর্থনা জানায়।

স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ আইএনএস সুনায়নাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

সফরকালে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

সফরসূচির অংশ হিসেবে জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। তারা চট্টগ্রামের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানও ঘুরে দেখবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানান, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে। আগামী ১০ মে সফর শেষে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।

তথ্যসূত্র: রাইজিংবিডি