রেললাইনে মোবাইলে গেমস, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ কিশোরের
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মো. নোমানের ছেলে নাঈম (১৭) ও নেত্রকোনার বারহাট্টা থানার পুটকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৭)।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, ধীরাশ্রম এলাকায় ভাড়া বাসায় থেকে নাঈম স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল আর আশিকুল একটি গ্যাসের দোকানে কাজ করতো।
রাতে তারা দুইজন ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা।
এসময় নাঈম ট্রেনের সামনে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে পড়ে।
এ ঘটনায় নাঈম ও আশিকুল দুইজনেই ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ