বরিশালে ‘মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে’ যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
বরিশাল নগরীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ‘মাদক বিক্রেতা গ্যাংয়ের’ দুই সদস্যকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে পলাশপুর তিন রাস্তার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন। নিহত ৩০ বছর বয়সী বাবু সিকদার পলাশপুরের কালাম সিকদারের ছেলে। দুই সন্তানের জনক বাবু পেশায় মাছ ব্যবসায়ী বলে পরিবার জানিয়েছেন। এ ঘটনায় আটক শহীদ ও সিয়াম পলাশপুর এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার এসআই হৃষিদ মণ্ডল বলছেন, “তারা প্রাপ্তবয়স্ক এবং ‘মাদক বিক্রেতা গ্যাংয়ের’ সদস্য। আর নিহত ব্যক্তিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।”
ওসি সনজিদ চন্দ্র নাথ বলেন, “পলাশপুর বস্তি এলাকায় মাদক বিক্রেতাদের বড় গ্যাং রয়েছে। এই গ্যাংয়ের সদস্যদের মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব হয়।
“ওই দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন বাবুকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর জড়িত দুজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকে অভিযান চলছে।”
নিহত বাবু শিকদারের ভাই নাঈমের ভাষ্য, স্থানীয় টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ফজর নামাজের আগে টোকাই মধুর নেতৃত্বে তার ওপরে আচমকা হামলা হয়।
“ওই হামলায় মধুর গ্যাং এর সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নেয়।”
তিনি বলেন, “ভাইয়ের ওপর হামলার করার বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ভাইকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি সনজিদ নাথ জানিয়েছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ