শনিবার, আগস্ট ২২, ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

সোনার দেশ ডেস্ক ২০ মে ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ মে ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে অবৈধ বস্তিবাসীর হামলার শিকার হন পুলিশ সদস্যরা।

রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের ইসিবি-কালশী সড়কের বাউনিয়াবাঁধ এলাকায় অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীদের হামলার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের সুরক্ষায় শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হন।


জানা গেছে, সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেন পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন।


তবে স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনও ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।


এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার মুখে প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যাচ্ছেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা। এসময় তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় বস্তিবাসীদের।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন