শনিবার, আগস্ট ২২, ২০২৬

আবুল বারকাতের জামিন বহাল

সোনার দেশ ডেস্ক ২১ মে ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ মে ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
আবুল বারকাতের জামিন বহাল
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

তবে অধস্তন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন বৃহস্পতিবার (২১ মে) খারিজ করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। এই মামলায় ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।

দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অধস্তন আদালতে বিফলের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্টে জামিন পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যেটি বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন।

তথ্যসূত্র: বাংলানিউজ