রবিবার, জুন ২১, ২০২৬

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সোনার দেশ ডেস্ক ২২ মে ২০২৬ ১২:০১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ মে ২০২৬ ১২:০১ অপরাহ্ন
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির পানছড়িতে বিবদমান দুই আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।


বৃহস্পতিবার (২১ মে) উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।


এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসিত) ও জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা যায়।


খবর পেয়ে খাগড়াছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে।


নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, অভিযানের সময় সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে সেনাসদস্যরা পাল্টা গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।


পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।


একই সঙ্গে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) সাংবাদিকদের জানান, খাগড়াছড়িতে কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান হবে না। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বৃহস্পতিবার দিনভর পানছড়ির দুর্গম ওই এলাকায় বিবদমান দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।


তথ্যসূত্র: বাংলানিউজ