সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দেশে চারটি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত দেড়টা থেকে সকাল অবধি ওই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রড ও যাত্রীবাহী ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় যমুনা সেতুর পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত এবং বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
ট্রাকে করে ইদযাত্রা, উল্টে ১৫ জন নিহত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে করে ইদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি এ তথ্যটি নিশ্চিত করেন।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
অপর সড়ক দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়ে।ে যমুনা সেতুর পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. মোস্তাফিজুর রহমান (৩২) নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ২
নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটি চাপে দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ডাম্প ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ইদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের
ইদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার (২৫ মে) সকালে উপজেলার বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সুজার উপজেলার নাজিরগঞ্জ গ্রামের এরশাদ আলীর ছেলে আনিসুর রহমান (৩৫) ও আনিসুরের মেয়ে আয়েশা (৪)। আহতের নাম পুষ্পা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, নিহত আনিসুর রহমান রংপুরের মাহিগঞ্জে ব্রাকের ঋণ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। সেই সুবাদে তিনি পরিবারসহ সেখানে থাকতেন। ইদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন স্ত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। চিকিহাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে।
এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার দোগাছি সেনা ক্যাম্পের পাশে ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন।
সোমবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংঘর্ষের পর একটি ট্রাকের ভেতরে চালক আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. হোসেন। তার বাড়ি চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিমপাড়ায়। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন, ঢাকাপোস্ট, রাইজিংবিডি