ইদের দিন সড়কে ঝরলো ২৫ প্রাণ
ইদের দিন পৃথক ১১টি সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) দিনগত রাত ১ টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার মধ্যে এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। এর মধ্যে গোপালগঞ্জে ৬ জন, দিনাজপুরে ২ জন, পটুয়াখালিতে ২ জন, ময়মনসিংহে ২ জন,চট্টগ্রামে ৩ জন, বগুড়ায় ২ জন,গাইব্ন্ধায় ৩ জন, পদ্মা সেতুতে ২ জন, মাদারিপুর, নড়াইল ও টাঙ্গাইলে ১ জন করে ৩ জনের মৃত্যু হয়েছে। ইদযাত্রায় বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ নিহতের সংখ্যা। এর আগে ২৫ মে সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৩১ জনের মৃত্যু হয়।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়ে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
নিহত ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শাওন ঢালী, গোলা গ্রামের মাহাবুব শেখের ছেলে সইব শেখ, কলারদোয়ানিয়া গ্রামের আবু হানিফের ছেলে সোহাগ, তার স্ত্রী মোসাম্মত খাদিজা খাতুন ও ছেলে আরমান ও পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনির।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন নিহত হন। দুজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। দ্রুত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ইদের আগের রাতে ময়মনসিংহের সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন যাত্রী।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এক্সপ্রেসওয়েতে হঠাৎ ব্রেক, বাসের দরজা দিয়ে ছিটকে যাত্রীর মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৮ মে) দুপুরের পরে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন সীমানা এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার।
বাসের সামনে (ইঞ্জিন কভার) বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক কষে। এসময় ছিটকে বাস থেকে দরজা দিয়ে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ করে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুরে ট্রাকে অটোরিকশার ধাক্কায় ২ শিশু নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের মায়েরা আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কোনাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি সহিদুল ইসলাম।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আল আমিনের মেয়ে আরিফা (৪)। আহত হয়েছেন তাদের মা ফরিদা বেগম (২৫) ও দুলালী বেগম (২০)। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
ওসি সহিদুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটের ভাদুরিয়া যাচ্ছিল। পথে কানাবাড়ি বাজার এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইশিশুকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালিতে ইদের দিনে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ইদের আনন্দঘন মুহূর্ত যেন মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে পটুয়াখালীর গলাচিপায়। মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই তরুণ। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা ১৩ মিনিটের দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে।
অপরদিকে নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার ঢাকার টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে স্থানীয় কালিকাপুর এলাকা থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা মূল সড়ক থেকে একটি গলির দিকে প্রবেশ করছিল। মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে গলিতে ঢুকতে যাওয়া অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তামিম ও ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সালও মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। তারা হলেন- গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সোহাগ হাওলাদার (২৫) এবং রতনদী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।
ইদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও থ্রি-হুইলার (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে আনার পর এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঈগল পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
বগুড়ায় ঝরে গেলো দুই বন্ধুর প্রাণ
বগুড়ার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শুভগাছা আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
নিহত অপরজনের নাম তামিম হোসেন (১৮)। তিনি উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তামিম শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও ছামির। তারা সবাই একে অপরের বন্ধু বলে জানা গেছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোছা. দিলরুবা বলেন, হাসপাতালে নেওয়ার পর আবু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নেওয়ার পথেই তামিম হোসেন মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধায় সুন্দরগঞ্জে ঈদের দিনে প্রাণ হারালেন এক নারী। বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের মওলানা ভাসানী সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী ও নারীর নাম মালেকা বেগম। নিহত মালেকা বেগম উপজেলার হরিপুর ইউনিয়নের ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জুলিয়াস রহমান।
এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার রাত পৌঁনে ১টার দিকে পৌরশহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক।
নিহত একজন ছাত্রলীগ নেতা হাসান আলী প্রধান (২৬)। হাসান আলী পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। নিহত অপরজন একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক আলী (৩৫)। সিদ্দিক রিকশা চালক ছিলেন।
নড়াইল, টাঙ্গাইলে একজন করে দুজন নিহত
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (১৯) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে উপজেলার আলমুন্সির মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
নিহত মোটরসাইকেল চালক সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে ও আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।
এদিকে টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কানন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় এই তরুণ শিক্ষার্থী। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
ইদের দিন পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদের দিনে পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে ফরিদপুরের মধুখালী থেকে একটি নম্বরবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে করে রওয়ানা দেন দুই বন্ধু রাজন শেখ ও ইব্রাহিম ফকির। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারানখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজন শেখ ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
তথ্যসূত্র: রাইজিংবিডি, জাগোনিউজ, বাংলানিউজ, বিডিনিউজ, ঢাকাপোস্ট