ইদের পর ফিরছিলেন বাড়ি, ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন
ময়মনসিংহ নগরে ট্রেনের ছাদ থেকে দুই বগির মাঝখানে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে নগরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।
নিহত রুবেল মিয়া (৩২) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় দেয়াল ঘড়ির কারখানায় কাজ করতেন।
ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি সানকিপাড়া এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত ট্রেনের দুই বগির মাঝখানে পড়ে যান রুবেল। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, আগে ছুটি না পাওয়ায় ঈদের দুই দিন পর রুবেল ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। নিহতের স্বজনরা থানায় আসেছেন। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিনিয়ত ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রীরা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় ছাদে যাতে কেউ না উঠতে না পারে, বিষয়টি নিশ্চিত করা হয়। তারপরও যাত্রীরা ট্রেনের ছাদে ওঠেন।
“আমরা সবসময় চেষ্টা করি, যাত্রীরা যেন ট্রেনের ছাদে না ওঠে। এর দায় তো আইনশৃঙ্খলা বাহিনীর না। আমরা আমাদের জায়গা থেকে যাত্রীদের সতর্ক করে যাচ্ছি”, বলেন তিনি।
তথ্যসূত্র: বিডিনিউজ