রবিবার, জুন ২১, ২০২৬

নোয়াখালীতে সালিশ থেকে ফেরার পথে তরুণকে পিটিয়ে হত্যা

সোনার দেশ ডেস্ক ৩১ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩১ মে ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
নোয়াখালীতে সালিশ থেকে ফেরার পথে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শালিস বৈঠক থেকে ফেরার পথে এক তরুণকে পথরোধ করে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়ছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান।

নিহত জোবায়ের হোসেন রাকিব (২৩) ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

সেজন্য শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বৈঠকের জন্য উভয় পক্ষের লোকজন জড়ো হন। তবে এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

বাড়ি ফেরার পথে বাজার এলাকার অন্ধকার স্থানে পথরোধ করে রাকিবের ওপর হামলা চালায় কয়েকজন। হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে।

ওসি মো. শামসুজ্জামান বলেন, “স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

তথ্যসূত্র: বিডিনিউজ